ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নির্বাচিত সরকার না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মির্জা ফখরুল

মিটফোর্ডের হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনার দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও শাস্তির আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “অতি দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের বের করে শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় জাতি আপনাদের ক্ষমা করবে না।”


শনিবার বিকেলে রাজধানীর হোটেল লেকশোরে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল বলেন, “যে ঘটনাগুলো ঘটছে, সরকারকে আহ্বান জানাবো দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের শাস্তি দিন। অন্যথায় জাতি আপনাদের দায়ী করবে গণতন্ত্রের পথে উত্তরণের সময় এসব সমস্যা তৈরি করার জন্য।”


তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আরও কিছুদিন ধৈর্যের সঙ্গে অপেক্ষা করুন। কেউ যেন অন্যায় কাজ করতে না পারে, সবাইকে বিরত রাখুন। বিএনপি কোনোদিন অন্যায়কে সমর্থন করেনি, ভবিষ্যতেও করবে না। বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।”


দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “গণতন্ত্রের কোনো বিকল্প নেই। এর প্রথম শর্তই হচ্ছে সুষ্ঠু নির্বাচন। দেশে নির্বাচিত সরকার না থাকার কারণেই আজ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। নির্বাচিত সরকার এলে তা হবে শক্তিশালী ও দায়িত্বশীল।”


তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো।”


এ সময় জুলাই-আগস্টের শহীদ ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান মির্জা ফখরুল।


সভায় সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এতে শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।


ads
ads
ads

Our Facebook Page

↑